
মহিবউল্লাহ কিরন, বরগুনা: আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাড. আরিফ-উল-হাসান আরিফকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে আমতলী উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায় অ্যাড. আরিফ-উল-হাসান আরিফ দীর্ঘ এক যুগ ধরে আমতলী পৌর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে তাকে একটি মামলায় অভিযুক্ত করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও আরিফ তার পক্ষে উপজেলা শহর ও ঢাকায় লিফলেট বিতরণ করেছেন এমন অভিযোগ পুলিশের। গত ৫ আগস্টের পরে ঢাকার (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলার এক নম্বর আসামি করা হয় অ্যাড. আরিফ-উল-হাসান আরিফকে।
এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে আমতলী থানা পুলিশের একটি দল তাকে উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে গ্রেপ্তার করে।
ওইদিন বিকেলেই তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান শুনানি শেষে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ঢাকার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমরা অ্যাড. আরিফকে গ্রেপ্তার করেছি। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এদিকে আদালতের কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.