
স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীর সাহাপুরে বসতভিটা আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
৬ নভেম্বর (সোমবার) সকালে উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক ছিলেন হাসান শেখ। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করেন এবং গতবছর এইচএসসি পাশ করেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার বাদশা শেখের ছেলে হাসান লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করে বিয়ে করার পর নিজের সুখের সংসারটিকে সুন্দর করে গুছিয়ে ছিলেন। কিন্তু সোমবার সকালে হঠাৎ বাড়ির ফ্রিজের নীচ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়।
হাসান শেখ জানান, আগুন লাগার সময় তিনি বাড়ির পার্শ্ববর্তী সাহাপুর হাফিজিয়া মাদ্রাসায় ছিলেন। বাড়িতে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে দ্রুত এসে স্থানীয় মানুষের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন, বাড়ির খাট, শোকেস, আলমারী, বিভিন্ন আসবাবপত্র, থালা বাসন, ফ্রিজ, ফ্যান, কাপড়, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। ঘরের কোন কিছুই তিনি বের করতে পারেননি বলে জানান।
রুপপুর গ্রীনসিটি মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু তার আগেই সবকিছু পুড়ে গিয়েছিল। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মোট ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ৬ লাখ টাকার উপরে বলে তিনি জানান।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.