
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গঙ্গাচড়ায় শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা ও পরিবেশ দূষণ রোধে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
সভায়, শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধামুক্ত সমাজ ও পরিবেশ দূষণ রোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগকে স্বাগত জানান তিনি। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এসব সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, পরিবেশ দূষণমুক্ত করার জন্য পলিথিনের বিকল্প হিসাবে পাটের ব্যাগ ব্যবহার করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি, তিনি এ কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে, গঙ্গাচড়ায় শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা এবং পরিবেশ দূষণমুক্ত গ্রাম ও ইউনিয়ন গড়ার লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ২০৬ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ১৮ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এছাড়া, সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবতাবুজ্জাম চয়ন, গঙ্গাচড়া, কোলকোন্দ, লক্ষীটারী, গজঘন্টা ও মর্ণেয়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপির প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, মো. ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা এপোলো দাস, সাংবাদিকসহ শতাধিক স্থানীয় জনসাধারণ এবং উপকারভোগীরা।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.