
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সীমান্তের বগুলাকান্দি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এসময় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা।
তিনি আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে যেকোনো নাশকতা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2026 বাংলাদেশ সকাল. All rights reserved.