ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিক্ষামূলকভাবে ডেঙ্গু রোগের টিকা তৈরি করেছে। তারা বলছে, টিকাটি বেশ কার্যকর। এই টিকার ওপর আমাদের আরও পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। পরীক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরা সেটি দেশে ব্যবহার করতে পারবো।
তিনি শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগের টিকা নিয়ে গবেষণা বিশ্বজুড়ে চলছে। ইতোমধ্যে দুইটি টিকা বিশ্বে তৈরি করাও হয়েছে। কিন্তু টিকাগুলো সেভাবে ব্যবহার করাও হয় না। সেই টিকাগুলোতে একটু সমস্যাও রয়েছে।
উল্লেখ্য ডেঙ্গুর মোট চারটি ধরণ রয়েছে। এগুলো হচ্ছে ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪।
আইসিডিডিআরবি গবেষকরা দাবি করছেন, ডেঙ্গু টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে দেখা গেছে এটি শিশু ও প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।




















