কাকন সরকার, শেরপুর : শেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। সেই সাথে তিনি বলেছেন, আগামী ৮ এপ্রিল জেলার দুই উপজেলা নির্বাচনে কোন ব্যক্তির কথায় নয়, রাষ্ট্রের কথায় চলবে পুলিশ। রাষ্ট্র বলছে, তুমি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন কর। আমি রাষ্ট্রের কথাই শুনবো, কোন ব্যক্তি কথা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছে, নির্বাচন কমিশন যেটা বলেছেন, সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। আমার পুলিশের কোন সদস্য যদি কোন অবস্থায় বা কোন পর্যায় নিরপেক্ষতা না দেখায় তবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
শনিবার (৪ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত পুলিশ সুপার।
পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, জুয়া সহ নানা সমস্যা রয়েছে। শেরপুরের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সদর থানার ওসি মোঃ এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া, নকলা থানার ওসি মোঃ আব্দুল কাদের, শ্রীবরদী থানার ওসি মোঃ আব্দুল কাইয়ুম খান, ঝিনাইগাতী থানার ওসি মোঃ বশির আহমেদ বাদলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র ও নবীন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















