শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সঙ্গে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
সভায় ছানুয়ার হোসেন ছানু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের পরে নেতাকর্মীদের স্পষ্ট বলে দিয়েছি যারা আমাদের প্রতিপক্ষ ছিল তাদের ভাই হিসেবে বুকে টেনে নিতে হবে। তিনি আরও বলেন, অতি উৎসাহী হয়ে আমার ভাইও যদি অশান্তি করে তাকেও কোনো ছাড় দেবেন না। কোনো তদবির করব না। মাস্তানির দিন শেষ। মানুষ ভালো কিছুর আশায় পরিবর্তন চেয়ে আগের এমপিকে ভোট না দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। যদি পরিবর্তন করতে না পারি তাহলে এ পদে থেকে কী হবে?




















