মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্রাম্যমান প্রতিনিধি, যশোর: যশোর সদর উপজেলার নীলগঞ্জ ব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩.০৪৮ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১১টা ৩৫ মিনিটে কর্পোরাল সদানন্দের নেতৃত্বে ৪৯ বিজিবির একটি টহলদল নীলগঞ্জ ব্রীজের উপর এ অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত স্বর্ণের বারসহ সিজারকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
আটককৃতরা হলেন: রনি (৩৬), পিতা: জহির উদ্দিন, গ্রাম- রাজনগর, থানা- শার্শা, জেলা- যশোর। আব্দুল গনি (৫৪), পিতা: ইসহাক, গ্রাম- উত্তর কয়েরপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোর এবং ইসরাইল (৪৬), পিতা: ইব্রাহিম সরদার, গ্রাম- বাগডাঙ্গা, থানা- কোতোয়ালী, জেলা- যশোর।
আটককৃতদের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।




















