মহিবুল্লাহ কিরণ, আমতলী বরগুনা: আজ ১৪ ডিসেম্বর, আমতলী মুক্ত দিবস। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় বরগুনার এ উপজেলাটি।
ইতিহাস : ১৯৭১ সালের ১১ ডিসেম্বর আফাজ বিশ্বাসের নেতৃত্বে পচাঁকোড়ালিয়া গ্রাম থেকে একদল মুক্তিযোদ্ধা পায়ে হেঁটে আড়পাঙ্গশিয়া পৌঁছে। অপর দিকে সড়ক ও নৌ-পথে আর একদল মুক্তিযোদ্ধা কুকুয়া সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পে পৌঁছে। তাদের উদ্দেশ্য থানা দখল করা। আমতলী থানায় শুধু পুলিশ ও রাজাকার বাহিনী ছিল।
১৩ ডিসেম্বর রাতে এসকল মুক্তিবাহিনীরা চাওড়া নদীর পূর্ব প্রান্তে (একে স্কুল সংলগ্ন) অবস্থান নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ শুরু করে। সারারাত যুদ্ধ চলে।
১৪ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা স্লোগান দিয়ে থানার দিকে অগ্রসর হলে পুলিশ এবং রাজাকার বাহিনী অবস্থার বেগতিক দেখে সাদা পতাকা উত্তোলন করে আত্মসমর্পনের আহ্বান জানান। মুক্তিবাহিনীরা থানায় প্রবেশ করে পুলিশ ও রাজাকারদের আটক করে।
আফাজ উদ্দিন বিশ্বাস ও নুরুল ইসলাম পাশা তালুকদার এদলের নেতৃত্ব দিয়েছিলেন। দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করে আমতলী মুক্তাঞ্চল ঘোষনা করেন।




















