এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই রূপগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের দারিদ্র্য বিমোচন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন— এক হাজার যুবক-যুবতীর জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণের আয়োজন।
তার এই উদ্ভাবনী ও মানবিক চিন্তারই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিআরডিবি, রূপগঞ্জ-এর বাস্তবায়নে সমিতি/দলের সুবিধাভোগী সদস্যদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী জ্ঞান, দক্ষতা এবং উদ্যোক্তা হয়ে ওঠার প্রাথমিক দিকনির্দেশনা পান। এটি শুধু একটি প্রশিক্ষণ নয়—এটি তাদের আত্মবিশ্বাস, স্বপ্ন এবং আত্মনির্ভরতার পথ।
প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ।
তিনি বলেন— “রূপগঞ্জের প্রতিটি যুবক-যুবতীই আমাদের সম্পদ। আমরা চাই তারা স্বাবলম্বী হোক, উদ্যোক্তা হোক এবং দেশের অর্থনীতিতে অবদান রাখুক। আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সেই লক্ষ্যেই আমাদের এক বাস্তব প্রয়াস।” রূপগঞ্জ উপজেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে আছে।




















