গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে বিএনপি ও জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সরক প্রদক্ষিন করে। এসময় দলীয় লোকজনের সাথে মিছিলে সাধারণ মানুষ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশসহ দেশের বিরুদ্ধে বিএনপির ঘৃণ্য অপচেষ্টার নিন্দা জানান।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে জিরো পয়েন্টে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময়ে তারা বলেন,গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা দেখে দেশী-বিদেশী বিভিন্ন চক্রান্ত হচ্ছে। বিএনপি-জামায়াত অবৈধ উপায়ে ক্ষমতায় আসতে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে যা
কোনভাবেই বাংলাদেশের জনগণ মেনে নিবেনা। তাদের অপশক্তি রুখতে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সর্বদা মাঠে প্রস্তুত আছে। জনগণ বঙ্গবন্ধুর সোনার বাংলায় উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় সেই অপশক্তিকে কখনোই মাথা চারা দিতে দিবেনা।




















