রংপুর ব্যুরো :
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধের প্রসারে আলোচনা করা।
এদিনের অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফরিদ উদ্দিন সুজা। ইসলামী সংগীত পরিবেশন করেন মারুফ বিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান মাবু। এছাড়া স্বাগতিক বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি, জামায়াতের পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, পাকুরিয়া শরীফ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, অধ্যক্ষ শফিকুল আলম, প্রেসক্লাব সভাপতি সাজু আহমেদ লাল, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, রংপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী হামিদুর রহমান,জাতীয় নাগরিক কমিটির রিফাত চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী বলেন, একটি জাতির অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। রমজান শুধু সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর শক্তিও জোগায়। উপজেলা নায়েবে আমীর বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ।বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির। এই সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা রাখা প্রয়োজন। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে রমজানের ফজিলত ও গুরুত্ব আলোচনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।




















