হাসিবুল ইসলাম, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব-সাহারবাটী সড়কে ছিনতাইকারীদের হামলায় সাদ্দাম হোসেন সবুজ (৩৫) নামের এক ব্যবসায়ি রক্তাক্ত জখম হয়েছেন।ব্যবসায়ি সবুজ উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠি ভাটপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সবুজ গাংনী বাজারের থানা সড়কে রড-সিমেন্টের ব্যবসায়ি করে আসছিলেন। বর্তমান গাংনী শহরে বসবাস করে আসছিলেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সবুজ ও তার বন্ধু গাংনী শহরের বাসিন্দা লাভলু হােসেন একটি মােটরসাইকেলযােগে সাহারবাটী থেকে গাংনী শহরের উদ্দেশ্যে গাঁড়াডােব গ্রামের দিকে আসছিলেন। পথে মধ্যে ৭-৮জনের একদল ছিনতাইকারী তাদের গতিরােধ করে। সবুজের মােটরসাইকেলটি ছিনিয়ে নিতে গেলে,সে প্রতিরােধ করার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সবুজের ব্যবহৃত মােটরসাইকেল ২টা মোবাইল সহ আনুমানিক ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
সবুজের আত্মচিৎকারে আশেপাশের লােকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে সবুজের বন্ধু লাভলু হামলার শিকার হননি।
এদিকে, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে। গাংনী থানা সূত্র জানায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটিদল মাঠে নেমেছে।




















