শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মুসা (৩৪) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার(২০এপ্রিল) ভোরে কালীগঞ্জ উপজেলার আজমতনগর গ্রামের বাসিন্দা রিপন হোসেনের বাড়িতে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ ও মটর চুরির কাজে ব্যবহৃত হেক্সাব্লেড ও প্লাস উদ্ধার করে। মৃত ব্যক্তির বাড়ি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশরবা গ্রামের বাবলুর রহমানের ছেলে।
গৃহকর্তা রিপন হোসেন জানান, মৃত ওই ব্যক্তিসহ আরো তিনজন শুক্রবার বিকালে আমাদের বাড়িতে এসে পানি খেতে চাই এবং পানি পান করে চলে যাই। শনিবার সকালে আমাদের মেয়ে টিউবওয়েলে ওজু করতে গিয়ে দেখে মোটরের পাশে মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও মোটর চুরির কাজে ব্যবহৃত হেক্সোব্লেড ও প্লাস উদ্ধার করা হয়। একটি কাটা বিদ্যুতের তার হাতের মধ্যে ধরা ছিল। ধারনা করা হচ্ছে প্লাস দিয়ে তার কাটার পর বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



















