মোঃ আনোয়ার হোসেন, (ডিমলা) নীলফামারী :
তিস্তা বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী। এটি সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে। কয়েকটি বাঁধ, রাবার ড্যাম, পানি প্রত্যাহার, জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনসহ বিভিন্ন বাধার মুখে পড়ে স্বাভাবিক পানিপ্রবাহের গতি হারিয়েছে নদীটি। এসব কারণে কী শুষ্ক কী বর্ষা; বেশিরভাগই সময় তিস্তার বাংলাদেশ অংশে পানি থাকে না। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা।
সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারীর কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা। যা বর্তমানে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার মধ্য দিয়ে কুড়িগ্রামের চিলমারী বন্দর হয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। তিস্তার দৈর্ঘ্য প্রায় ৩১৫ কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ১২৫ কিলোমিটার। অথচ বছরের বেশিরভাগ সময় বাংলাদেশ অংশে পানি থাকে না।
মানবেতর জীবনযাপন করা তিস্তা পাড়ের বাসিন্দাদের অভিযোগ, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। যার ব্যাপক প্রভাব পড়ে আমাদের এই অঞ্চলে। নিজেদের চাহিদা মিটিয়ে তারপরই বাংলাদেশকে পানি দেয় ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়। পক্ষান্তরে শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না। এভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও সুফল মেলেনি এখনও। ফলে শীতকালে বাংলাদেশ অংশের তিস্তা মরুভূমিতে পরিণত হয়। ফলে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর ১২৫ কিলোমিটার অববাহিকায় জীবনযাত্রা, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের অন্যতম সেচ প্রকল্প হাতীবান্ধার তিস্তা ব্যারাজ অকার্যকর হওয়ার উপক্রম হয়েছে। জেলেরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে হেঁটেই তিস্তা পার হওয়া যায়, তাই মাঝিদের আর নৌকা বাইতে হয় না। এ কারণে বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন তারা। পানির অভাবে কৃষকরা কৃষি উৎপাদন করতে পারছেন না।
তিস্তার পানি বণ্টন চুক্তি
১৯৭৪ সালে তিস্তা প্রকল্প শুরু হয়। ১৯৮৩ সালে একটি অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে ভারত ও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল, তিস্তার পানির ৩৯ শতাংশ ভারত এবং ৩৬ শতাংশ বাংলাদেশ পাবে। ডিসেম্বর থেকে মার্চের জন্য ৪২ দশমিক ৫ শতাংশ পানি ধরে রেখে ভারত ২০১১ সালে বাংলাদেশকে ৩৭ দশমিক ৫ শতাংশ পানি দিতে সম্মত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে চুক্তিটি হয়নি। তখন থেকে তিস্তার পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে আছে।
গত বছরের ১০ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, তিস্তায় কি পানি আছে যে বাংলাদেশকে দেওয়া যাবে? তাহলে তো উত্তরবঙ্গের মানুষ খাওয়ার পানিই পাবে না। বর্ষার তিস্তার সঙ্গে যেন গ্রীষ্মের তিস্তাকে এক করে দেখা না হয়। সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর ১৪টি স্থানে সিকিম সরকার বাঁধ দিয়ে ১৪টি জলবিদ্যুৎ প্রকল্প চালু করেছে। এতে করে ওই বিদ্যুৎ প্রকল্পের জন্য সব জলই টেনে নিচ্ছে সিকিম সরকার। এই সমস্যা থেকে রক্ষা পেতে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার জানালেও তারা কোনও উদ্যোগ নেয়নি। ফলে সেই সমস্যায় এখনো ভুগছে পশ্চিমবঙ্গের তিস্তাপারের মানুষ।
তিস্তার বর্তমান পরিস্থিতি
নীলফামারীর ডিমলা এবং হাতীবান্ধার মাঝখানে দোয়ানীতে তিস্তা ব্যারাজ নির্মাণ করা হয়। ব্যারাজের মাধ্যমে পানি প্রত্যাহার করে নদীর ডান তীরে চারটি জেলায় তিস্তা সেচ প্রকল্প পরিচালিত হয়। তবে প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ব্যারাজের সামনেই বালুর স্তর জমে গেছে; যা ব্যারাজের কার্যক্ষমতা হ্রাস করেছে। অপরদিকে গত বছর সিকিমে বাঁধ ভাঙার কারণে ব্যারাজের বিভিন্ন অংশে পলি জমে গেছে। গত বর্ষায় ব্যারাজের ৭৩ কিলোমিটার দূরে তিস্তা রেলসেতু পয়েন্টে পানি বেড়েছে। এই পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ব্যারাজ পয়েন্টে পানি বাড়েনি, বরং নদীভাঙন বেড়েছে।
দুর্দশার প্রধান কারণ হলো নদীকে তার স্বাভাবিক প্রবাহে চলতে না দেওয়া। এর অভ্যন্তরে এবং আশপাশের এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প স্থাপন করা হয়েছে। যা নদীর প্রাকৃতিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে।
১৯৭৯ সালে তিস্তা নদীতে প্রথম বাঁধ নির্মাণ শুরু হয় এবং ১৯৯০ সালে তিস্তা ব্যারাজ নির্মাণ শেষ হয়। ব্যারাজে ৪৪টি গেট আছে; যা শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে এবং তিস্তার ডান পাশের চারটি জেলায় কৃষিকাজের জন্য পানি সরবরাহ করা হয়। ২০০০ সালের আগে তিস্তার অভ্যন্তরে গুচ্ছগ্রাম বা আবাসন প্রকল্প করা হয়, যা তুলনামূলকভাবে অল্পসংখ্যক মানুষকে সুফল দিয়েছিল। ২০০৪ সালে আদিতমারী উপজেলায় দুটি স্পার বাঁধ নির্মাণের ফলে তিস্তার ডান ও বামতীর এবং চরাঞ্চলে তীব্র ভাঙন দেখা দেয়। ২০১২ সালে লক্ষীটারি ইউনিয়নে তিস্তা সড়ক সেতু বা শেখ হাসিনা সেতুর উদ্বোধন করা হয়। কালীগঞ্জ উপজেলায় শৈলমারির চরে ১২০ একর জমিতে ইন্ট্রাকো সোলার প্যানেল প্রকল্প নির্মাণ করা হয়। সুন্দরগঞ্জে তিস্তা সোলার প্রকল্পে সাড়ে পাঁচ লাখ প্যানেল বসানো হয়েছে। এসব প্রকল্পের আশপাশে বিভিন্ন স্থাপনা, বাড়িঘর, ব্যক্তিমালিকানাধীন বাঁধ, বাজার এবং পার্ক নির্মাণ করা হয়েছে। সুন্দরগঞ্জে ব্যক্তি মালিকানায় আলীবাবা থিম পার্ক নির্মাণ করা হয়েছে। এসব কারণেও নদীর গতি হারিয়ে পানিপ্রবাহ কমেছে।
প্রতি বছর তিস্তার ভাঙন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে। নদীর অভ্যন্তরে প্রকল্প স্থাপনের কারণে তিস্তা তিনটি চ্যানেলে বিভক্ত হয়ে প্রবাহিত হচ্ছে। এতে চর এবং চরবাসীর মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। তিস্তা ব্যারাজের কারণে এ পর্যন্ত ৬০ হাজার পরিবার ভিটেমাটি হারিয়েছে এবং দুই লাখ ২০ হেক্টর জমি বিলীন হয়েছে।
নদীর বাম তীর রক্ষা কমিটির গবেষণা বলছে, তিস্তা ব্যারাজ হওয়ার পর এ পর্যন্ত ৬০ হাজার পরিবার ভিটেমাটি হারিয়েছে। ভাঙনে দুই লাখ ২০ হেক্টর জমি বিলীন হয়েছে। লালমনিরহা




















