আব্দুর রহমান॥ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ওকিউল ইসলাম (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হন মোটরসাইকেল চালক সাকিব (২২)।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় তেঁতুলিয়া- বাংলাবান্ধা মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ওকিউল উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নের নারায়ণজোত গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার (এসআই) লতিফ জানান, ওকিউল নামে ওই ব্যক্তি শনিবার বিকেলে তার মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল খয়খাটপাড়া এলাকায় তাকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত মোটরসাইকেল চালক সাকিব পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।




















