রুমানা ইয়াসমিন, বিশেষ প্রতিনিধি॥ ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন উড়িয়ে মেট্রোরেল চলাচলে ব্যাপক বিঘ্নঘটায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
মেট্রোরেলের উভয়পাশের ১ কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এই ধরনের যেকোনো বিনোদন সামগ্রী না উড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ সোমবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল লাইনের উভয়পাশে ১ কিলোমিটারের মধ্যে বসবাসরত জনসাধারণ ও অভিভাবককে ছেলেমেয়েদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এই ধরনের যেকোনো বিনোদন সামগ্রী না উড়ানো থেকে বিরত রাখতে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন ঢাকা মেট্রোরেল চলাচল করছে। এই বৈদ্যুতিক লাইনের ওপর ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ইত্যাদির আটকানোর কারণে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এছাড়া ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ইত্যাদি অপসারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ সৃষ্টি হচ্ছে । দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেট্রোরেলে চড়তে আসা অনেকেই হতাশ হয়েছে।




















