রিফাত আরেফিন : দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশব্যাপী একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের ঘোষণা দেয়। এ কর্মসূচির অংশ হিসেবে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ শুক্রবার সকাল ১০ টায় শহরের ঈদগাহমোড়ে আইনজীবী ভবনের সামনে সমবেত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
উদীচী যশোর জেলা ও উপজেলা শাখা পর্যায়ের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে প্রাণের আবেগে গেয়ে ওঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত। কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আমিনুর রহমান হিরু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক সোলজার রহমান, উদীচীর সহ সাধারণ সম্পাদক আসিফ নিপ্পন, আলমগীর কবীর প্রমুখ।




















