আব্দুল্লাহ আল মামুন, দেদেবহাটা (সাতক্ষীরা): সাতক্ষীরার দেবহাটায় বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুর পার হাউস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষ্মীকান্ত সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুর পার হাউস এলাকায় সাতক্ষীরা থেকে শ্যামনগরমুখী মামুন পরিবহন ও কালীগঞ্জ উপজেলার তারালী থেকে সাতক্ষীরা অভিমুখে আসা মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের সাতজন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে লক্ষ্মীকান্ত নামে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আহত ছয়জনের মধ্যে চারজন গীতারানী, মনিষা, কবিতা, সরমাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আর প্রমেকান্ত ও সাধনাকান্তকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হজরত আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি নলতায় তেল পাম্পের কাছে আটকের পর কালীগঞ্জ থানা পুলিশ হেফাজাতে নিয়েছে। আর মাহিন্দ্রটি দেবহাটা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















