ডেস্ক নিউজ: ১৬ বৈশাখ ১৪৩১(২৯ এপ্রিল ২০২৪) দুপুর ১২ ঘটিকায় ৭২ বছর পর ভাষাশহিদ রফিকউদ্দিন আহমদের কবরটি চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক তথা জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিকের উদ্যোগে ভাষাশহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ কবরের স্থানটি শনাক্ত করেন।
শহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ শহিদ বরকতের কবরের অব্যবহিত পূর্বপার্শ্বে শহিদ রফিকের কবরের স্থানটি দেখিয়ে দিলে ভাষা-আন্দোলনের গবেষক হিসেবে অধ্যাপক এম এ বার্ণিক সেটিকে প্রমিতকরণের সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ড. শরিফ সাকি, কবি জান্নাতুন নাঈম ও সাংবাদিক সাজেদা হক।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারস্থলে রফিক শহিদ হন। কবরটি অস্থায়ী কবর ছিলো বিধায় আজিমপুর কবরস্থান কর্তৃপক্ষ ৭১ বছর আগে এটি ভেঙে দিয়েছিলো।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভাষাশহিদ সালামের কবরটি চিহ্নিত করা হয়েছে। শহিদ রফিক ও সালামের কবরের স্থান দুটি ভেঙে দেয়া হলেও শহিদ পরিবারের সদস্যগণের নিকট কবরের অবস্থান জানা ছিল।
ইতোমধ্যেই একপত্রে শহিদ পরিবারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রকে কবরটি পাকা করার অনুমতি চেয়ে এবং কবর দুটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য একটি পত্র দেয়া হয়েছে।




















