মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্রাম্যমান প্রতিনিধি: যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাউলিয়া তেল পাম্প সংলগ্ন এলাকায় আনুমানিক সকাল ১১টায় কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ বছর বয়সী এক শিশুসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে খুলনা থেকে যশোর অভিমুখে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই দুইজনের নির্মম মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন— ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী, বৃষ্টি সাহা এবং আনোয়ার আলী। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৪ বছর বয়সী এক শিশু এবং মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) নামের এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানটি আটকে রেখে অগ্নিসংযোগ করে এবং যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস সদস্যরা কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ স্থানীয় জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।




















