ডেস্ক নিউজ: ব্যাপক আলোচিত ও সমালোচিত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার ২৯শে জুলাই, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে।
হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহাঃ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খঃ মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।
তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।
হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।




















