মো.আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনির এই ঘটনা ঘটে। নিহত মামুন খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃত নুরনবীর ছেলে।
মারধরের একপর্যায়ে মামুনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চুরির ঘটনায় গণপিটুনির কথা বললেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে যখন আনা হয় তখন মৃত ছিল। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি সংক্রান্ত ঘটনা বলে শুনেছি। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।




















