স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় পূর্ব শত্রুতা জের হিসেবে এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হত্যার শিকার হয়।
ঘটনা বিবরণ জানা যায়, গত ২৫ মার্চ শনিবার রাত ১০টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় বাহারাইন প্রবাসী মাসুদ মির্জা কে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি ও বাহারাইন প্রতিনিধি মোঃ ছায়েদুল হক ভূঁইয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের ফুলছড়ি বালুটিলার মৃত সাইদুর রহমানের ছেলে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ ইউসুফ আলী ও প্রতিদ্বন্দ্বী আকতার হোসেনের পূর্ব শত্রুতার জের হিসাবে গত শুক্রবার রাতে মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার রাতে মাসুদ তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে তাঁকে মাস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী ভুজপুর বালুটিলা বাজারে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে চিহ্নিত খুনিদের গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনার দাবি জানান।




















