এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জবাসী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের সাধারন মানুষ।
২১ ফেব্রুয়ারী দিনগত রাত রাত ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ রিপোটার্স ক্লাব-ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।
পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে বিকেলের পর থেকেই নারায়াণগঞ্জ শহীদ মিনারের আশপাশ এলাকায় জলকামান ফায়ার সার্ভিস সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।




















