আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মোজাফফর হোসেন (৪৮) ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির ৯৫৭ নম্বর সীমানা পিলারের সামনে দিয়ে ২ জন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন, এমন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের ১টি দল তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে তারা দাবি করেন, তারা বাংলাদেশি নাগরিক। বাজারে এসেছিলেন ওষুধ কিনতে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ১ জন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। অপরজনকে গ্রেপ্তার করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় পাঠায়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।




















