নিজস্ব প্রতিবেদক:
‘তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাওন ইসলাম সবুজ নামে ওই ছাত্রদল নেতাকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।
যশোর ট্রাফিক পুলিশের কনস্টেবল কে এম শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শনিবার সন্ধ্যায় তিনি শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। এ সময় শাওন নামে এক যুবক সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। তাই ওই যুবককে মোটরসাইকেলটি সরানোর জন্য বলি। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বলেন, তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই সরাইতে বলিস। তোর এতো সাহস হয় কিভাবে? এরপর আবারও তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকেন। পরে পথচারী ও সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। তার কাছে নিজের ছবি সম্বলিত ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিসি) নামে একটি ভুঁইফোর সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর গণমাধ্যমকে বলেন, সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়েছে শুনেছি। এ ঘটনায় আমরা বিব্রত। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ করে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।




















