এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
চলমান রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনের জন্য জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যেই তিনি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যানজট নিরসনের আশু করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছেন। তারই ধারাবাহিকতায় গত ০৩.০৩.২০২৫ তারিখ জেলা প্রশাসকের কক্ষে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ, সিটি কর্পোরেশন, বিকেএমইএ প্রতিনিধিদের সমন্বয়ে একটি ফিডব্যাক সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাপনাকে নিম্নরূপভাবে ঢেলে সাজানো হয়েছে –
১. পূর্বের সভার সিদ্ধান্ত মোতাবেক শহরে যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের সাথে সিভিক ভলেন্টিয়ার ও সিটি কর্পোরেশনের নিয়োজিত কর্মীরা একযোগে কাজ করছে। এ কাজ সমন্বয়ের জন্য বিকেএমইএ এর পক্ষ থেকে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
২. সিভিক ভলেন্টিয়ার হিসেবে ১৬০ জন এবং তাদেরকে তদারকির জন্য ১০ জন সুপারভাইজার কাজ করছে।
৩. নারায়ণগঞ্জ শহরের ৮ টি প্রবেশ পথ চিহ্নিত করা হয়েছে। এইসব পয়েন্ট থেকে ইজি বাইকসহ স্বল্প গতির যানবাহন গুলোকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে শহরের ভিতরে অনুমোদনহীন গাড়ি প্রবেশ করতে পারছে না।
৪. শহরের ভিতরে শুধুমাত্র সিটি কর্পোরেশন কর্তৃক অনুমতি প্রাপ্ত ইজিবাইক ও স্বল্প গতি সম্পন্ন গাড়ি চলাচল করতে পারবে।
৫. সিটি কর্পোরেশন শহরের আটটি প্রবেশ পথে রোড সাইন স্থাপন করবে এবং সংশ্লিষ্ট রুটে চলাচল করি গাড়িতে রং করার ব্যবস্থা গ্রহণ করবে।
৬. শহরের মীর জুমলা রোডে বাস চলাচল অব্যাহত থাকবে এবং এই রাস্তায় দোকান স্থাপনকারী অবৈধ হকার বা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. চাষাড়া মোড় থেকে সাইনবোর্ড অভিমুখী চানমারি পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপন করা হবে।
৮. সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা কর্মীদের পারিশ্রমিক বাবদ অর্থ বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার থেকে প্রদান করা হবে।
৯. জেলা প্রশাসনের পক্ষ থেকে সামগ্রিক বিষয়টি সমন্বয় করার জন্য জনাব মোঃ মোনাব্বর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
যানজট সংক্রান্ত যে কোন বিষয় ফোকাল পয়েন্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তার মোবাইল নম্বর ০১৭৬৬৭৫০৩৯৯।




















