আব্দুল্লাহ আল মামুন : সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের মধ্যে একজন দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২) এবং অপরজন খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী কালেরডাঙ্গা গ্রামের মোঃ আবুল কালাম দৈনিক পত্রদূতকে জানান ওই ২ মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখী আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।




















