স্টাফ রিপোর্টার॥ পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা জজ আদালত। ৮ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় এ আদেশ দেন পাবনা বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক। এছাড়া উভয়কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার ইয়াকুব আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৬) এবং একই এলাকার আঃ আলিমের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২০)।
আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে মাদক গ্রহণ ও বিক্রয়ের অভিযোগে ১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে মামলা দায়ের করেন পাবনা সদর থানার এসআই মোঃ জহুরুল ইসলাম। দীর্ঘ ৫ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের জানুয়ারির শেষের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার সাদ্দাম হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় আসামি সাদ্দামের নিকট থেকে ৬শ ও শরিফুলের নিকট থেকে ৪শ পিস সহ মোট ১ হাজার পিস ইয়াবা এবং মাদক সেবন সংক্রান্ত সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করে জব্দ করেন পুলিশ।
এরপর পাবনা সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়ে ছিলো।




















