মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থান থেকে রবিবার (৩১ আগস্ট ২০২৫) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৮ বছর বয়সী শিশু নয়নের লাশ কবর থেকে উত্তোলন করেছে। উত্তোলনের সময় লাশের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয়, যা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত শিশু নয়নের মা সুরাতুন তার পরিবারের সঙ্গে কাজের জন্য নারায়ণগঞ্জে বসবাস করতেন। তবে, ১৩ বছরের দাম্পত্য জীবনে স্বামী মুনিরুজ্জামানের সঙ্গে পারিবারিক কলহের কারণে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। ২০২৪ সালের ৯ আগস্ট টাকার জন্য সুরাতুনকে মারধর করেন মুনিরুজ্জামান এবং তাকে ও তার ছেলে নয়নকে হত্যার হুমকি দেন। এর তিন দিন পর, ১৩ আগস্ট, বিছানার নিচে লুকানো ৪০ হাজার টাকা নিয়ে দুর্বৃত্তরা নয়নকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় সুরাতুন নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুর মহল্লার সুজন, নিহতের পিতা মুনিরুজ্জামানসহ ৮ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে সুরতহাল রিপোর্ট তৈরি ও রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে স্থানীয় পুলিশ ফোর্স ও এলাকাবাসীর সামনে লাশ উত্তোলন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তের অগ্রগতি এবং রাসায়নিক পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করছে এই মামলার পরবর্তী দিক।




















