রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের গ্রাম পুলিশদের পেশাগত কাজে গতিশীলতা আনতে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সহায়ক উপকরণ হিসেবে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
৯ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ইউনিয়ন পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনাদের দায়িত্ব পালন করতে হবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে।”
তিনি আরও বলেন, “সরকার আপনাদের কাজের স্বীকৃতি হিসেবে এ সহায়ক উপকরণ দিয়েছে, যেন আপনারা মাঠপর্যায়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই উপকরণগুলো বিতরণের ফলে গ্রাম পুলিশদের চলাফেরা ও দায়িত্ব পালন সহজতর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




















