আনিছুর রহমান, ষ্টাফ রিপোর্টার॥ চট্টগ্রামের বাঁশখালীতে ভার্চুয়ালি কমিউনিটি ভিশন সেন্টার ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ই জানুয়ারী) সকাল এগারোটায় গণভবন থেকে বাঁশখালী প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই দুই প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় পরবর্তী মানুষের কষ্ট নিজ চোখে দেখতে বাঁশখালীতে গিয়েছিলাম। আমি তখন মানুষের কষ্ট দেখেছি। বাঁশখালী এখন অনেক উন্নত হয়েছে। ওখানকার মানুষ এখন আর আগের মতো কষ্টে নেই। এসময় প্রধানমন্ত্রীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুইবার মনোনয়ন দিয়েছেন বলে সাধারণ মানুষের ভোটে আমি দুইবার এমপি হয়েছি। আমি এমপি হয়ে আপনার মাধ্যমে বাঁশখালীতে ব্যাপক উন্নয়ন করেছি। আমি এখনো পর্যন্ত নিজের বাড়ি করিনি। কিন্তু আমি নিজস্ব অর্থায়ণে দলীয় কার্যালয় নির্মাণ করেছি।
অনুষ্ঠানে কমিউনিটি ভিশন সেন্টারের উপকারভোগী দিপালী দে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রি কমিউনিটি ভিশন সেন্টারের ব্যবস্থা করেছেন বলে আমি আজ চোখে দেখতে পাচ্ছি। আমি আপনাকে কখনো চোখে দেখিনি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একদিন বাঁশখালী বেড়াতে আসেন। খুব খুশি হবো।
বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার (ওসি) মো. কামাল উদ্দীন (পিপিএম) প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় পরবর্তী তৎকালীন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বাঁশখালী এলে উপজেলা সদরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। ২০২১ সালে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নিজস্ব অর্থায়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি নির্মাণ করেন। বুধবার (১৮ জানুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী গণভবন থেকে যুক্ত হয়ে এই কার্যালয় উদ্বোধন করেন।




















