রংপুর প্রতিনিধি :
রংপুর সদরের মমিনপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকো নামে আয়োজন করা হয়েছে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও র্যাফেল ড্র । সেখানে নেই আয়োজক কমিটির নাম। দেদারছে বিক্রি হচ্ছে ২০ টাকা মূল্যের টিকেট। খবর নেই প্রশাসনের কাছে। জেলা কিংবা উপজেলা প্রশাসন থেকে কোন অনুমতি নেয়া হয়নি। জানে না স্থানীয় থানা পুলিশ ও। প্রতারিত হচ্ছে জনগণ। ঘটে যেতে পারে অনাকাঙ্খিত ঘটনা। অবনতি হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির। দায় নেবে কে?
জানা গেছে, রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের খারুয়াবাধা দ্বি-মুখী বিদ্যালয় মাঠে আজ ৫ এপ্রিল শনিবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও ৫১টি পুরস্কার দিয়ে র্যাফেল ড্র অনুষ্টিত হবে। রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে অটো রিকসায় মাইকিং করে বিক্রি করা হচ্ছে র্যাফেল ড্র এর টিকেট। ১ ও ৫১ নম্বরে রয়েছে দুটি মোটর সাইকেল। তাই লোভে পড়ে ২০ টাকা মূল্যের এই টিকেট কিনছে সাধারণ জনগণ। এ পর্যন্ত ৬০ হাজার টিকেট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সাধারণত লটারীর জন্য কিংবা প্রকাশ্যে র্যাফেল ড্র এর আয়োজন করা হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। জেলা কিংবা উপজেলা প্রশাসন থেকে কোন অনুমতি নেয়া হয়নি। জানে না স্থানীয় থানা পুলিশও। লিফলেটে আয়োজক কমিটির নাম নেই। তবে কারা নেপথ্যের আয়োজক? কল কাঠি নাড়ছে কারা? লাভের গুড় কে খাবে? কার পকেট ভাড়ি হবে? জনগণের মধ্যে নানা প্রশ্ন উকিঁ দিচ্ছে।
একদিকে র্যাফেল ড্র অন্যদিকে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনাকাঙ্খিত ঘটনা ঘটলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দায় নেবে কে?
এ ব্যাপারে কথা হলে কোতয়ালী সদর থানার ওসি অলিভ মামুদ জানান, আমি কিছু জানি না। আমার কাছে অনুমতি নিতে কেউ আসেনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রংপুর সদরকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।




















