পাইকগাছা(খুলনা) সংবাদদাতা: গাজীপুরের চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি। একইসাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সিনিয়র নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান মিজান, জহিরুল ইসলাম, হাফিজুর রহমান রিন্টু। সদস্য চঞ্চল মাহমুদ, আকতারুল ইসলাম, মুকুল হোসেন, মাজহারুল ইসলাম মিথুন,জিএম আনারুল ইসলাম প্রমুখ।
সংবাদ মাধ্যমে নিহত তুহিনের বন্ধু প্রত্যক্ষদর্শী শামিম জানিয়েছেন, আমরা এক সঙ্গে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক নারী এক ব্যক্তিকে নাজেহাল করছে। ওই ব্যক্তি নারীটিকে আঘাত করার সঙ্গে সঙ্গে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করে। এর পরই ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। সাংবাদিক তুহিন ঘটনাটি দেখে দৌড়ে এগিয়ে গিয়ে ভিডিও করছিল। পরে দুর্বৃত্তরা তুহিনের ভিডিও করা দেখে ওকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ হত্যাকাণ্ডে দায়ী চাঁদাবাজ, সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।




















