বুলবুল আহমেদ নেত্রকোনা: আসন্ন নেত্রকোনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপি নেতা ছালেহ্ আহম্মদ খান শামীম। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
কাটলী এলাকার বাসিন্দা এবং মরহুম সেলিম খানের পুত্র ছালেহ্ আহম্মদ খান শামীম বর্তমানে পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এবং নেত্রকোনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “৭ নম্বর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। নির্বাচিত হলে আধুনিক ও পরিকল্পিত ওয়ার্ড গঠনের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার, মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবো।”
তিনি আরও বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার। পাশাপাশি শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের পরিবারের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
ছালেহ্ আহম্মদ খান শামীমের প্রত্যয়, ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজবৃক্ষ ছায়ায় মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ছালেহ্ আহম্মদ খান শামীম ইতোমধ্যে এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে ওয়ার্ডজুড়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।




















