রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরের কেশবপুর পূর্বপাড়ায় জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে বড় ভাইয়ের হুকুমে ভাতিজা কর্তৃক চাচাকে হত্যা চেষ্টার মামলায় মুল আসামি ভাতিজাকে ১ মাস পর গ্রেফতার করেছে রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার এক সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে অভিযুক্ত সোহেল রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুষ্করিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডধীন কেশবপুর পূর্ব পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে মৃত- মমতাজ হোসেনের ছোট ছেলে মুদি দোকান ব্যবসায়ী আজাদ হোসেনের সাথে বড় ভাই দেলোয়ার হোসেন বাবুর দ্বন্দ্ব চলে আসছিল। উক্ত দ্বন্দকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বড় ভাই বাবু ও তার লোকজন কর্তৃক ছোট ভাই আজাদ ও তার পরিবারের লোকজনকে প্রায় সময় বিভিন্ন ধরনের ভয় ভীতি হুমকি প্রদানসহ ক্ষতিসাধনের চেষ্টায় লিপ্ত থাকে।
এমতাবস্থায় ঘটনার দিন গত ২৫ ডিসেম্বর ২০২৪ ইং সকাল অনুমান নয়টার দিকে আজাদ হোসেন ব্যবসায়িক কাজে বের হয়ে বাড়ির সামনে রাস্তায় বের হওয়া মাত্রই পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো ছুরি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে বড় ভাই দেলোয়ার হোসেন বাবু, ভাতিজা সোহেল রানাসহ তাদের পরিবারের লোকজন আজাদ হোসেনের পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে বাধা নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দেলোয়ার হোসেন বাবুর হুকুমে ভাতিজা সোহেল রানা চাচা আজাদ হোসেনকে ধারালো ছুরি দিয়ে মাথায় ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা চালায়। এ সময় আজাদের মাথার মধ্যখানে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরে মাটিতে পড়ে গেলে আজাদের সাথে থাকা কাপড়ের ব্যাগে ব্যবসার সাড়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় হত্যা চেষ্টাকারীরা। এ সময় ব্যবসায়ী আজাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে এম্বুলেন্স কল করে গুরুতর আহত আজাদকে মেডিকেলে পাঠানোর চেষ্টা করলে বাবুর শ্বশুর শালারা পথ রোধ করে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে বাধা প্রদান করে।এমতাবস্থায় ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে আজাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর বাবু ও তার লোকজন ফিল্মি স্টাইলে আজাদের জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা ফলজ/বনজ ৯টি বড় গাছ, ফসলাদি, জমির টাটি-বেড়া, ঘিরা কেটে ব্যপক ক্ষতিসাধন করেন।
এ ঘটনায় আজাদ হোসেন বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং রংপুর সদর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪।
এদিকে মামলা দায়ের’র ১ মাস পর মুল আসামী ভাতিজা সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হলেন রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশ।




















